স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও লিটন কুমার দাস।
২৬ বছর বয়সী আফিফ প্রায় দেড় বছর পর ওয়ানডেতে ফিরছেন। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন। গেল বিসিএলে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে এই অলরাউন্ডার আবার দলে জায়গা পেয়েছেন।
অন্যদিকে, ব্যাটে ফর্মহীনতার কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্কোয়াডে ছিলেন না লিটন দাস। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই উইকেটকিপার ব্যাটারকে টিম ম্যানেজমেন্ট আবার দলে এনেছে।
ক্যারিবিয়ান সিরিজের পর দল থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। তাদের স্থলে দলে ফিরেছেন দুই পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
সিরিজটি মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ১১ মার্চ, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ।
বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।
রিপোর্টার্স২৪/বাবি