রিপোর্টার্স২৪ ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ভালোবাসা দিবস থেকে ঈদের বিশেষ আয়োজন- বছরজুড়েই তার অভিনীত নাটক নিয়ে দর্শকদের আগ্রহ থাকে। এবার অ্যাকশন থ্রিলার ঘরানার নতুন নাটক ‘গোলাপী’-তে এক ভিন্ন রূপে দেখা যাবে তাকে। এ নাটকে ‘লেডি গ্যাংস্টার’ গোলাপী চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাটকটি সিএমভি–এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
নির্মাতা রুবেল হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, নাটকের গল্পে বস্তির জীবনচিত্র থেকে শুরু করে পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের নানা দিক তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে গল্পে রয়েছে পুলিশি অভিযান এবং রোমান্টিক আবহ।
তিনি আরও বলেন, ‘গোলাপী’ চরিত্রটি যে কোনো অভিনেত্রীর জন্যই বেশ চ্যালেঞ্জিং। তবে তানজিন তিশা অত্যন্ত দক্ষতার সঙ্গে চরিত্রটির চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। এটি মূলত অ্যাকশন থ্রিলার হলেও দর্শকদের জন্য এতে বিনোদনের নানা উপাদান রাখা হয়েছে।
অন্যদিকে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, নাটকটি অনেকটা সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে। দর্শক এটি দেখলে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র দেখার অনুভূতি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রিপোর্টার্স২৪/আরকে