| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়ক বাপ্পারাজের জন্মদিন আজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১১:০১:০৬:পূর্বাহ্ন  |  ৩১৮৫৪২ বার পঠিত
‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়ক বাপ্পারাজের জন্মদিন আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশীয় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের জন্মদিন আজ (১১ মার্চ)। দীর্ঘদিন ধরেই তিনি চলচ্চিত্রে নিয়মিত নন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আলোচনা এখনো থেমে নেই।

গত বছর তার অভিনীত বহু বছর আগের সিনেমা ‘প্রেমের সমাধি’র একটি সংলাপ “চাচা, হেনা কোথায়?” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নতুন করে আলোচনায় নিয়ে আসে এই অভিনেতাকে। সংলাপটি ঘিরে অসংখ্য মিম, ভিডিও ক্লিপ ও হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি হয়। অনেক নেটিজেন মজা করে তাকে ‘হেনার নায়ক’ বলেও উল্লেখ করেন।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনাজ। সিনেমার এক আবেগঘন দৃশ্যে দীর্ঘদিন পর বাড়ি ফিরে নায়ক বকুল তার প্রেমিকা হেনাকে খুঁজতে গিয়ে প্রশ্ন করেন, “চাচা, হেনা কোথায়?” তখন হেনার বিয়ের খবর শুনে ভেঙে পড়েন তিনি। এরপরই শুরু হয় জনপ্রিয় গান ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়’।

এক সময় ঢাকাই সিনেমার ‘ট্র্যাজেডি নায়ক’ হিসেবে পরিচিতি পাওয়া বাপ্পারাজ কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে তিনি অসংখ্য রোমান্টিক ও ত্রিভুজ প্রেমের সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

চলচ্চিত্রে তার অভিনীত চরিত্রগুলোর বেশিরভাগই ছিল আত্মত্যাগী প্রেমিকের। প্রায়ই দেখা যেত, প্রিয় মানুষটিকে বন্ধুর হাতে তুলে দিয়ে নিজে সরে দাঁড়াচ্ছেন তিনি। এই ধরনের চরিত্রে সাবলীল অভিনয়ের কারণে দর্শকদের কাছে তিনি ‘ছ্যাকা খাওয়া নায়ক’, ‘ব্যর্থ প্রেমের নায়ক’ কিংবা ‘মিস্টার স্যাক্রিফাইস’ নামেও পরিচিতি পান।

বাপ্পারাজের পারিবারিক নাম রেজাউল করিম। তার বাবা নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমার মাধ্যমে ১৯৮৬ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’, ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘সৎ ভাই’ ও ‘জবাব চাই’। এসব সিনেমা তাকে দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা এনে দেয়।

অভিনয়ের পাশাপাশি বাপ্পারাজ নাটক পরিচালনাও করেছেন। তার পরিচালিত নাটকের মধ্যে রয়েছে ‘কাছের মানুষ রাতের মানুষ’ ও ‘একজন লেখক’। এছাড়া তিনি ‘কার্তুজ’ নামের একটি চলচ্চিত্রও নির্মাণ করেছেন।

সর্বশেষ তাকে বড় পর্দায় দেখা গেছে ‘পোড়ামন ২’ সিনেমায়। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করে আবারও দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪