রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লুকোচুরি শেষ করে প্রকাশ্যে এলেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে তিনি জানালেন, এখন তিনি সিংগেল নন, বরং এনগেজড।
পূজা চেরি বলেন, “আমি এনগেজড। এই প্রথমবার এটি প্রকাশ্যে বললাম। আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু সত্যি কথা হলো, আমি সিংগেল নই। তবে আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি।”
তিনি আরও জানান, তার হবু জীবনসঙ্গী মিডিয়ার কোনো ব্যক্তি নন। পূজা বলেন, “আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। তাই আমার পার্টনার মিডিয়ার লোক নন।”
পূজা চেরি ব্যক্তিজীবনে সংসারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে বলেন, “আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমি চাই না আমার জীবনে ‘ডিভোর্স’ নামের কোনো শব্দ আসুক। সংসার ঠিক রাখতে প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। অভিনয় আমার ভালোবাসার জায়গা, কিন্তু সংসার বাঁচানোর জন্য আমি এটিও ছাড়তে প্রস্তুত।”
বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “মানসিকভাবে প্রস্তুত হলে বিয়ের পিঁড়িতে বসব এবং সেটি সবাইকে জানিয়ে করব।” এছাড়া তার হবু সঙ্গী অত্যন্ত সহযোগিতামূলক। পূজা জানান, পার্টনার তাকে সবসময় বলেছে, “তুমি যা করতে চাও, সেটাই করো।”
উল্লেখ্য, পূজা চেরি বর্তমানে ক্যারিয়ারের আট বছর পূর্ণ করেছেন। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র দম, যেখানে তিনি প্রথমবার আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাটির প্রচারণার মাঝে নিজের ব্যক্তিগত জীবনের সত্য প্রকাশ্যে এনে ভক্তদের চমক দিয়েছেন নায়িকা।
রিপোর্টার্স২৪/আরকে