আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েল রাতভর হামলা চালিয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত এসব প্রতিবেদনে বলা হয়, সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, লারিজানি ‘হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু’ ছিলেন। অন্যদিকে টেলিভিশন চ্যানেল N12 বলেছে, হামলার ফলাফল এখনো মূল্যায়নাধীন রয়েছে।
তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ইসরায়েলের সামরিক প্রধান ইয়াল জমির এক বিবৃতিতে জানিয়েছেন, রাতে পরিচালিত অভিযানে ‘গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক সাফল্য’ অর্জিত হয়েছে। তবে তিনি লারিজানিকে লক্ষ্য করে হামলার বিষয়ে সরাসরি কিছু বলেননি।
ঘটনাটি নিয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি