রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা আফরান নিশো অভিনীত চলচ্চিত্র ‘দম’। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে এবং তিনদিনের মধ্যে আয়ের দিক থেকেও কোটি টাকার ঘরে পোঁছে গেছে।
প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, সিনেমাটির চাহিদা বেড়ে যাওয়ায় স্টার সিনেপ্লেক্সে শো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২টি। এছাড়া লায়ন সিনেমাসে ৩টি শো মিলিয়ে মোট ৩৫টি শো চলছে। এই শোয়ের মধ্যে ২৭টি শো হাউজফুল, আর ৩টি শো প্রায় পূর্ণ ছিল।
বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনেও সিনেমাটি মাল্টিপ্লেক্সে দাপট ধরে রেখেছে। ফলে ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে এটি বাংলাদেশে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকা গ্রোস কালেকশন অতিক্রম করেছে। আনুষ্ঠানিক হিসাব এখনও পাওয়া যায়নি, তবে প্রযোজক শাহরিয়ার শাকিল নিশ্চিত করেছেন যে শো থেকে আয়ের অংক কোটি ছাড়াবে।
প্রযোজক জানান, মুক্তির প্রথম দিন থেকেই সব শো হাউজফুল ছিল। পরবর্তী দিনগুলোর বেশিরভাগ শোর টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। দর্শকদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ইতিবাচক। বিশেষ করে সিনেমাটির ভিজ্যুয়াল, সংলাপ এবং অভিনয় প্রশংসিত হচ্ছে।
‘দম’ পরিচালনা করেছেন রেদওয়ান রনি। ছবিতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরীসহ অনেকে। যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ, আলফা আই ও চরকি।
সিনেমার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের ৪৪ বছর পর নতুন সংগীতায়োজনে গাওয়া গান ‘এই মন তোমাকে দিলাম’, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম