রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর কণ্ঠশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত গায়িকা মাহবুবা রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মাহবুবা রহমান ‘মনের বনে দোলা লাগে’ গানটির মাধ্যমে মুখ ও মুখোশ চলচ্চিত্রে কণ্ঠ দেন, যার সংগীত পরিচালনা করেন সমর দাস। পরবর্তীতে ফতেহ লোহানী পরিচালিত ‘আসিয়া’ সিনেমায় ‘আমার গলার হার খুলে নে ওগো ললিতে’ গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
তার গাওয়া আরও জনপ্রিয় গানের মধ্যে রয়েছে‘আমার যদি থাকত পাখির ডানা’, ‘আমার না বলা কথা’, ‘সোনালী এই ধানের ক্ষেতে’, ‘আগে জানি না রে দয়াল’, ‘তুমি দাও দেখা দরদী’, ‘আমার বন্ধু বিনোদিয়া’সহ অসংখ্য কালজয়ী গান।
তিনি ‘জাগো হুয়া সাভেরা’, ‘আসিয়া’, ‘এ দেশ তোমার আমার’, ‘যে নদী মরুপথে’, ‘সূর্যস্নান’, ‘সোনার কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘সাত ভাই চম্পা’সহ ঢাকার শুরুর দিকের বহু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।
দীর্ঘদিন ধরেই আড়ালে জীবনযাপন করছিলেন এই শিল্পী। তার প্রকৃত নাম ছিল নিভা রানী রায়। ১৯৩৫ সালের ৩ মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবেই ঢাকায় চলে আসেন এবং সংগীত শিক্ষা নেন সুধীরলাল চক্রবর্তী, পিসি গোমেজ ও মোমতাজ আলী খান-এর কাছে। এছাড়া গীত ও গজল শেখেন কাদের জামেরী এবং ইউসুফ কোরেশী-এর কাছে।
১৯৪৮ সালে ঢাকার কামরুননেসা গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন তিনি। তার আগের বছরই অল ইন্ডিয়া রেডিও ঢাকা কেন্দ্র থেকে প্রথম গান প্রচারিত হয়।
১৯৫৮ সালে তিনি বিয়ে করেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান আতাউর রহমান-কে। তাদের সংসারে রয়েছে দুই মেয়ে ও এক ছেলে। তাদেরই একজন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা ইসলাম।
গান ও সংস্কৃতির জগতে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম