যশোর প্রতিনিধি: আগুনে যশোরে একটি যাত্রীবাহী বাস ভস্মিভূত হয়েছে। এতে যাত্রীরা নিরাপদে বাইরে বের হতে পারলেও পুড়ে গেছে যাত্রীদের সকল মালামাল।
শুক্রবার বিকাল ৪টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে যায় নড়াইল এক্সপ্রেসের ওই বাস (ঢাকা মেট্রো ব-১২-২২৭০)। কিছু সময় পর এটি যশোর সদর উপজেলার নড়াইল সড়কের ফতেপুর দাইতলা এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। সাথে সাথে চালক বাসটি থামিয়ে দিয়ে যাত্রীদের দ্রুত বাস থেকে নামিয়ে দেন। সব যাত্রীই নিরাপদে নেমে যেতে পারলেও তাদের মালামাল সব আগুনে পুড়ে গেছে বলে জানান যাত্রীরা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
যাত্রীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই পুরো বাসটি পুড়ে যায়।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুন লেগে থাকতে পারে। খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
যাত্রীরা বলছেন, মাত্র ২০ মিনিট আগে ঢাকা থেকে আসা বাসটি ছিল ত্রুটিপূর্ণ। যশোর মণিহার কাউন্টারে সেটি খানিকটা মেরামতও করা হয়। কিন্তু পুরো ত্রুটিমুক্ত না হওয়ায় চালক গাড়ি চালাতে চাচ্ছিলেন না। কিন্তু জোর করে গাড়িতে উঠিয়ে চালককে বাসটি চালাতে বাধ্য করা হয়। গাড়িটির ৪৫ সিট যাত্রীতে পূর্ণ ছিল। বাড়তি আরও ১২-১৩ জন যাত্রী ছিলেন ইঞ্জিনকভারসহ বিভিন্ন স্থানে। তবে এই বিষয়ে নড়াইল এক্সপ্রেসের কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি।
দাইতলা এলাকার লোকজন জানান, আগুন লাগার সাথে সাথে মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন দাঁড়িয়ে যায়। বিকাল সোয়া ৫টায় এই রিপোর্ট লেখার সময়ও সেখানে যাত্রীসহ বিপুল সংখ্যক মানুষের ভিড় ছিল।
রিপোর্টার্স২৪/ধ্রুব