| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৬ ইং | ১৪:৫৭:২৯:অপরাহ্ন  |  ৭৮৩ বার পঠিত
রাজবাড়ীতে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) বিদ্যমান অধিক্ষেত্র বহাল ও সুরক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, রাজবাড়ীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, রাজবাড়ীর সভাপতি এস এম রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আশিকউল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তাদের অভিযোগ, ফি ও অন্যান্য সুযোগ-সুবিধা না বাড়িয়ে উল্টো অধিক্ষেত্র সংকুচিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তাঁদের পেশাগত ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একজন এবং পৌরসভার প্রতি দুই ওয়ার্ডে একজন করে নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করে আসছেন। এই ব্যবস্থার মধ্য দিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু বর্তমান সরকার বিদ্যমান নিয়ম পরিবর্তন করে প্রতিটি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।

তাঁদের দাবি, নিকাহ রেজিস্ট্রারদের ফি ও অন্যান্য সুযোগ-সুবিধা না বাড়িয়ে এভাবে অধিক্ষেত্র বাড়ানো হলে বিদ্যমান কর্মপরিধি ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এতে পেশাগত অনিশ্চয়তা তৈরি হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা নিকাহ রেজিস্ট্রাররা আর্থিক সংকটে পড়বেন।

বক্তারা আরও বলেন, নতুন করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত নিরাপত্তা, আর্থিক সুবিধা ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন। কোনো ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত না করে বিদ্যমান অধিক্ষেত্র পরিবর্তনের উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এ সময় তাঁরা নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রসংক্রান্ত পূর্বের নিয়ম বহাল রাখার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তাঁরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪