| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম বলিউড কাজে আলোচনায় আরিফিন শুভ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ২০:৩২:০৮:অপরাহ্ন  |  ১৪০২০৫ বার পঠিত
প্রথম বলিউড কাজে আলোচনায় আরিফিন শুভ

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকার আরিফিন শুভ। নিজের প্রথম বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’ ১৯ মার্চ মুক্তির পর ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোর পর্যালোচনায় বারবার উঠে আসছে তার নাম- কখনও ‘স্ট্যান্ডআউট লিড’, কখনও বা সিরিজের সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে।

একের পর এক ইতিবাচক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, তিনি আর শুধু দেশের তারকা নন; বরং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন আন্তর্জাতিক অঙ্গনের একজন পরিচিত মুখ হিসেবে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ বিনোদন ম্যাগাজিন হলিউড রিপোর্টার তাদের ইন্ডিয়ান সংস্করণে ‘জ্যাজ সিটি’ সিরিজের পর্যালোচনায় লিখেছে, এই সিরিজে সবচেয়ে কার্যকর দিক হলো বাংলাদেশি তারকা আরিফিন শুভর প্রধান চরিত্রে অভিনয়।

তাদের ভাষায়, তার পারফরম্যান্সই দর্শককে ধরে রাখার অন্যতম প্রধান কারণ। ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সিরিজটিকে ‘দৃঢ় অভিনয়ে নির্মিত’ বলে উল্লেখ করেছে। তাদের মূল্যায়নে, শক্তিশালী অভিনয়ই এই নির্মাণকে আলাদা মাত্রা দিয়েছে। 

ডিজিটালভিত্তিক বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম স্ক্রল তাদের পর্যালোচনায় আরিফিন শুভকে ‘জিমি’ চরিত্রের জন্য একটি ‘স্মার্ট চয়েস’ হিসেবে উল্লেখ করেছে।

তারা বলেছে, চরিত্রটির ভেতরের পরিবর্তন ও স্তরগুলোকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, যেখানে তার অভিনয়ে সবসময়ই একটি পরিশীলিত সৌন্দর্য ও স্বচ্ছন্দ উপস্থিতি বজায় থাকে। এমনকি সিরিজের সীমাবদ্ধতার মধ্যেও শুভর উপস্থিতি দর্শককে ধরে রাখার অন্যতম প্রধান কারণ- যা তাকে এই কাজের সবচেয়ে লক্ষণীয় দিকগুলোর একটি করে তুলেছে।

ভারতের আর্থিক ও বিশ্লেষণভিত্তিক সংবাদমাধ্যম মানিকন্ট্রোল তাদের পর্যালোচনায় জানিয়েছে, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অভিনয় সিরিজটিকে আকর্ষণীয় করে রেখেছে। 

বিনোদনকেন্দ্রিক পোর্টাল এম৯ নিউজ বলছে, আরিফিন শুভ তার চরিত্রে এক ধরনের স্টাইলিশ উপস্থিতি এনেছেন এবং স্বাচ্ছন্দ্যে চরিত্রটি বহন করেছেন।

ডিজিটাল সংবাদমাধ্যম নিউজবাইটস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শুভর পারফরম্যান্সই সিরিজটিকে দর্শকের জন্য আকর্ষণীয় করে তুলেছে। 

বলিউডভিত্তিক প্ল্যাটফর্ম লেটেস্টলি আরিফিন শুভকে ‘স্ট্যান্ডআউট লিড পারফরমার’ হিসেবে উল্লেখ করেছে, যা তার অভিনয়ের আলাদা শক্তির দিকটি তুলে ধরে। 

এছাড়া চলচ্চিত্র বিশ্লেষণভিত্তিক পোর্টাল বাপ অব মুভিজ বলছে, আরিফিন শুভ সংযত অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। 

ভারতের জনপ্রিয় হিন্দি সংবাদপত্র আমার উজালা তাদের পর্যালোচনায় লিখেছে, জিমি রায়ের চরিত্রে আরিফিন শুভ আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন, যেখানে তার চরিত্রে আকর্ষণ ও অন্তর্দ্বন্দ্ব দুটোই ফুটে উঠেছে। 

অন্যদিকে, আঞ্চলিক বাংলা সংবাদমাধ্যম টিভি৯ বাংলা মন্তব্য করেছে, এই চরিত্রের জন্য আরিফিন শুভকে তার ভক্তরা দীর্ঘদিন মনে রাখবেন।

‘জ্যাজ সিটি’ মুক্তির পর ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভর অভিনয় নিয়ে যে ধারাবাহিক প্রশংসা দেখা যাচ্ছে, তা শুধু এই কাজটির গ্রহণযোগ্যতাই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি অভিনেতার অবস্থানকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে।

গেল ১৯ মার্চ ‘জ্যাজ সিটি’ সনি লিভে প্রকাশের পর ট্রেন্ডিংয়ের শীর্ষে ওঠে সিরিজটি। সেই ধারাবাহিকতা এখনো ট্রেন্ডিংয়ে নিজের বজায় রেখেছে মোট ১০ পর্বের, প্রায় ৮ ঘণ্টার এই সিরিজ। ‘জ্যাজ সিটি’র পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয়কে কেন্দ্র করে, আর সেই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিরিজে তিনি অভিনয় করেছেন চারটি ভাষায় - বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় কোনো সিরিজ প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। 

‘জ্যাজ সিটি’র পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে পরিচিত। সিরিজে আরিফিন শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। এছাড়া শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ আরও কয়েকজন পরিচিত মুখ অভিনয় করেছেন এতে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪