এন্টারটেইনমেন্ট ডেস্ক: আসন্ন অ্যাকশন থ্রিলার ‘স্লামডগ: ৩৩ টেম্পল রোড’ নিয়ে রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন দক্ষিণি সুন্দরী সংযুক্তা। আগামী জুনে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় তাঁর সাথে স্ক্রিন শেয়ার করবেন ‘মাক্কাল সেলভান’ বিজয় সেথুপতি। সম্প্রতি ইন্ডিয়া টুডের সাথে এক আড্ডায় সংযুক্তা খোলসা করলেন সেটের ভেতরের নানা ‘রগরগে’ তথ্য এবং টাবু ও সেথুপতির সাথে তার কাজের অভিজ্ঞতা।
টাবুর সাথে স্ক্রিন শেয়ার করা নিয়ে সংযুক্তার উচ্ছ্বাস যেন থামছেই না। ছোটবেলা থেকে যাঁকে পর্দায় দেখে বড় হয়েছেন, সেই টাবুর মুখোমুখি হয়ে সংযুক্তা ছিলেন একপ্রকার ‘থ’। তার ভাষায়, টাবু ম্যাম যখন সেটে আসতেন, এক অদ্ভুত এনার্জি ছড়িয়ে পড়ত চারদিকে। পর্দায় তিনি যতটা সুন্দরী, বাস্তবে তার চেয়েও বেশি! আমি তো তাঁর প্রেমে পড়ে গিয়েছিলাম। আইস ব্রেকিং সেশন নিয়ে তিনি জানান, সিনিয়রের সামনে কুঁকড়ে না থেকে তিনি নিজেই এগিয়ে গিয়ে হাই-হ্যালো করেছেন। টাবুর ‘কান্ডুকোন্ডাইন কান্ডুকোন্ডাইন’ বা ‘বিরাসত’-এর মতো ক্ল্যাসিক সিনেমাগুলো সংযুক্তার অল-টাইম ফেভারিট।
বিজয় সেথুপতিকে নিয়ে সংযুক্তার বয়ান বেশ চমকপ্রদ। তার মতে, মানুষটা একদম মাটির কাছাকাছি এবং খুব কম কথা বলেন। মজার ব্যাপার হলো, শুটিংয়ের আগে একবার এক অনুষ্ঠানে তাদের দেখা হয়েছিল যা সেথুপতির মনে নেই, কিন্তু একজন ডাই-হার্ড ফ্যান হিসেবে সংযুক্তা তা ঠিকই মনে রেখেছেন।
শুটিংয়ের একটি দৃশ্যের কথা বলতে গিয়ে তিনি জানান, সেটে একটি গাছের নিচে সেথুপতি বসে ছিলেন, আমি গিয়ে তাঁর পাশেই বসে পড়লাম। ব্যস, জমে গেল আড্ডা। সিনেমাটি নিয়ে তিনি বলেন, সেথুপতির চরিত্রটি খুব শান্ত হলেও আমার চরিত্রটি ছিল অবিশ্বাস্য রকমের লাউড (তীব্র), যা দর্শক এর আগে দেখেনি।
পরিচালক পুরী জগন্নাথের কাজের গতি দেখে তো সংযুক্তার চক্ষু চড়কগাছ! যেখানে অন্য পরিচালকরা পুরোদিন লাগিয়েও কাজ শেষ করতে পারেন না, সেখানে পুরী স্যার অর্ধেক বেলাতেই প্যাক-আপ করে দিতেন। সংযুক্তার ভাষ্যমতে, প্রথম কয়েকদিন তো আমি অবাক হয়ে যেতাম। পরে বুঝলাম এটাই ওনার স্টাইল। আমরা তামিল বা তেলুগু- কোন ভাষায় আগে শট দেব তা সেটেই ঠিক করে নিতাম আর স্যার ‘অ্যাকশন’ বললেই কেল্লাফতে!
পুরী জগন্নাথেএ পরিচালয়নায় ‘স্লামডগ: ৩৩ টেম্পল রোড’ সিনেমার প্রধান চরিত্রগুলোতে রয়েছেন সংযুক্তা, বিজয় সেথুপতি, টাবু, দুনিয়া বিজয় কুমার, ব্রহ্মানন্দম ও ভিটিভি গণেশ। ছবটি প্যান-ইন্ডিয়া রিলিজ হবে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায়।
রিপোর্টার্স২৪/ধ্রুব