নিজস্ব প্রতিবেদক: রাজশাহী: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিনজন শিশুর মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। মৃত শিশুদের বয়স ছয় ও সাত মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন শিশু। বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১২৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা ৩৯১ জন। এ নিয়ে হাসপাতালে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে রাজশাহীর বেসরকারি হাসপাতাল সিডিএম-এ শনিবার দিবাগত রাতে দুইজন এবং রোববার সকালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলে এই হাসপাতালে তিন শিশু মারা গেছে।
সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ বলেন, হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন চাঁপাইনবাবগঞ্জ ও একজন নাটোরের।
রিপোর্টার্স২৪/এসএন