| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে শিশু ধর্ষণের মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছে হতদরিদ্র পরিবার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ২২:৫৭:০৫:অপরাহ্ন  |  ৬৩৯ বার পঠিত
উজিরপুরে শিশু ধর্ষণের মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছে হতদরিদ্র পরিবার

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করায় ভুক্তভোগী শিশুর পরিবারকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা তুলে নিতে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি এলাকায় স্থানীয় একটি দোকানে চিড়া কিনতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় দোকানদার বসন্ত গাইনের ছেলে বীরেন গাইন (২৭) শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে শাটার বন্ধ করে দেয়। পরে দোকানের উপরে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ২৩/২০২৬। এ ঘটনায় অভিযুক্ত বীরেন গাইন বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে অর্থের প্রলোভন দেখিয়ে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় অভিযুক্তের স্বজন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। এমনকি মামলা প্রত্যাহার না করলে হত্যা কিংবা মিথ্যা অভিযোগে এলাকাছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।

পরিবারটি জানায়, তারা অত্যন্ত দরিদ্র ও অসহায়। আর্থিক অসচ্ছলতার কারণে আইনি লড়াই চালিয়ে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তারপরও মেয়ের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের বিচার পাওয়ার আশায় তারা মামলা চালিয়ে যেতে চান। বর্তমানে নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন তারা।

এদিকে অভিযুক্ত বীরেন গাইনের বাবা  বসন্ত গাইনের সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে তিনি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪