ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও এক অসুস্থ ব্যক্তির মাঝে মোট ২৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার ১৬টি মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি এক অসুস্থ ব্যক্তিকে ২৫ হাজার টাকার বিশেষ সহায়তা প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ বলেন, জেলার ৬৭টি ইউনিয়নে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান থাকবে। তিনি আরও বলেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালন করতে তিনি বদ্ধপরিকর।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং উপকারভোগীরা এ ধরনের উদ্যোগের জন্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/এসএন