ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার বাগানমাঠ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বাগানমাঠ গ্রামের জমসেদ আলীর ছেলে রফিকুল সরকার এবং একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রফিকুল সরকার নিজ জমিতে ধানক্ষেতে কীটনাশক স্প্রে করতে যান। এ সময় সেচ পাম্পের ছিঁড়ে থাকা বৈদ্যুতিক মোটরের তারে তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে পাশে থাকা ভাগ্নে নুর আলম বাবু এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে আশপাশের কৃষকেরা তাদের নিথর দেহ মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসএন