কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে আগুন লেগেছে। এ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুমিল্লা নগরী থেকে আরও একটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। রোববার দুপুরে হঠাৎ করেই বাসগুলোতে আগুনের সূত্রপাত হয়। তাদের অভিযোগ, এই বাসগুলোর ভেতরে যাতায়াতের সুযোগ রয়েছে। এসব পরিত্যক্ত বাসের ভেতরেই মাদকাসক্তরা মাদক সেবন করে।
কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এগুলো রয়েল পরিবহন নামের একটি পরিবহন সংস্থার বাস। তবে আগুন লাগার পর তথ্য সংগ্রহের জন্য রয়েল কাউন্টারে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। যেহেতু এসব বাসে কোন মেরামত কাজ চলছিল না সুতরাং এখানে কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব