গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী মধ্যপাড়া এলাকায় মাদক সেবনে তানজিল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তানজিল স্থানীয় বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে। তিনি ১৬ মাস বয়সী এক কন্যা সন্তানের বাবা। তার মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, তানজিল একসময় পরিবারের ভরসা ছিলেন। জীবিকার জন্য কয়েক বছর আগে সৌদি আরবেও গিয়েছিলেন। দেশে ফিরে ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়েন। পরিবার বহুবার তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।
ঘটনার দিন বাড়ির কাছেই একটি পরিত্যক্ত ঘরে মাদক সেবনের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। মা-বাবা, স্ত্রী ও ছোট শিশুকে ঘিরে তৈরি হয়েছে হৃদয়বিদারক পরিস্থিতি।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সহজলভ্য হয়ে উঠেছে। এতে তরুণরা সহজেই আসক্ত হচ্ছে। তারা মাদকের উৎস বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
খিরাটী গ্রাম উন্নয়ন কমিটির আহ্বায়ক ও ইউপি সদস্য মোস্তফা কামাল মঞ্জু বলেন, মাদক নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে শিগগিরই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
কাপাসিয়া থানার এসআই আমিনুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত না করার আবেদন করায় মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।