বেনাপোল প্রতিনিধি: ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দলের সদস্যরা বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন। এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।
রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত বেনাপোল স্থলবন্দর ও চেকপোস্ট পরিদর্শন করেন বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন।
তিনি জানান, মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন পদমর্যাদার মোট ২৫ জন সদস্য বেনাপোল আইসিপি ও স্থলবন্দর পরিদর্শন করেন।
এর আগে এনডিসি প্রতিনিধি দলকে বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসকে এম কফিল উদ্দিন, যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এবং ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম।
পরবর্তীতে এনডিসি দল বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত কনফারেন্সে অংশগ্রহণ করে সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং গ্রহণ করেন। ব্রিফিং শেষে দলটি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করে এবং সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন।
প্যারেড পরিদর্শনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থার প্রতিফলন ঘটে বলে তিনি জানান।
রিপোর্টার্স২৪/এসএন