| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি সংকটের অজুহাতে ট্রাকভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৪:৪৮:৩৯:অপরাহ্ন  |  ২৫৬৭০৬ বার পঠিত
জ্বালানি সংকটের অজুহাতে ট্রাকভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা

বেনাপোল প্রতিনিধি: জ্বালানি তেলের সংকটের অজুহাতে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বাণিজ্যে প্রভাব পড়েছে। দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গন্তব্যভেদে ট্রাকভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে চট্টগ্রাম ও সিলেট রুটে। পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাকভাড়া ছিল ২২ থেকে ২৩ হাজার টাকা। গত ২ এপ্রিল থেকে সেই ভাড়া বেড়ে হয়েছে ২৮ থেকে ৩০ হাজার টাকা। চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে আগে ভাড়া ছিল ৩০-৩৫ হাজার টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪০-৪২ হাজার টাকায়। এতে করে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, এর প্রভাব পণ্যের দামে পড়বে।

ট্রাকভর্তি পণ্য নিয়ে বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছিলেন চালক আবুল কাসেম। তিনি বলেন, “কয়েক দিনের ব্যবধানে ট্রাকভাড়া ৫-৭ হাজার টাকা বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।”

অন্য চালক আবদুস সোবহান বলেন, “এক গাড়ি চাল নিয়ে যাচ্ছি। আগের চেয়ে প্রায় চার হাজার টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে পণ্যের দামে প্রভাব পড়বে।”

ট্রাকভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশে ডিজেলের তেমন সংকট নেই। পর্যাপ্ত তেল নিয়েই ট্রাক চলাচল করছে। তেল সংকটের অজুহাতে মালিকপক্ষ ভাড়া বাড়িয়েছে, এতে সাধারণ ব্যবসায়ীরা নিরুপায় হয়ে পড়েছেন।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি বলেন, “দেশে পেট্রোল ও অকটেনের কিছুটা সংকট রয়েছে। তবে ডিজেলের তেমন সমস্যা নেই। নির্দিষ্ট সময়ে তেল না পাওয়ার প্রভাব ভাড়ায় পড়ছে। পাম্পে চাহিদার অর্ধেক তেল পাওয়া যাচ্ছে, এতে সমস্যা তৈরি হচ্ছে।”

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন প্রায় ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি এবং ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্য রফতানি হয়। তেলের দাম না বাড়লেও গত ২ এপ্রিল থেকে ট্রাকভাড়া ৫-৭ হাজার টাকা বাড়ানো হয়েছে, যা ব্যবসায়ীদের চরম বিপাকে ফেলেছে।

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু বলেন, “বাজারে তেলের প্রকৃত সংকট নেই। কিছু অসাধু ব্যক্তি তেল মজুদ করায় পাম্পগুলোতে চাপ সৃষ্টি হয়েছে। এই সুযোগে ট্রাকভাড়া বাড়ানো হয়েছে। ফলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে এবং এর প্রভাব ভোক্তার ওপর পড়ছে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪