| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে মাছ চুরির অভিযোগে চোখ তুলে ফেলার চেষ্টা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৮:৩৪:২৩:অপরাহ্ন  |  ২৫৪১৩৪ বার পঠিত
বাগেরহাটে মাছ চুরির অভিযোগে চোখ তুলে ফেলার চেষ্টা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে আব্দুস শুকুর মৃধা (৫০) নামের এক ব্যক্তিকে হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে দিয়ে এবং চোখে গুরুতর আঘাত করে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আঙরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতনের শিকার আব্দুস শুকুর মৃধা মোল্লাহাট উপজেলার ডাবরা গ্রামের বাসিন্দা।

ঘের মালিক পরিচয়দানকারী শোলাবাড়িয়া গ্রামের লিয়াকত মুন্সী জানান, তার মৎস্য ঘের থেকে মাছ চুরির সময় তার ছেলে রোমান মুন্সী (২৬) শুকুর মৃধাকে আটক করেন। এ সময় শুকুরের সহযোগী হিসেবে অভিযুক্ত দিনো মোল্লা রোমানকে আঘাত করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন ছুটে এলে দিনো মোল্লা পালিয়ে যান। এরপর ঘটনাস্থলে উপস্থিত কিছু বিক্ষুব্ধ ব্যক্তি শুকুর মৃধাকে মারধর করেন। একপর্যায়ে তার চোখে গুরুতর আঘাত করা হয়, এতে তিনি দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতে তার হাত, পা ও পাঁজরের হাড় ভেঙে যায়।

শুকুর মৃধার পুত্রবধূ নিলা বলেন, “যদি তিনি অপরাধ করে থাকেন, তাহলে তাকে আইনের আওতায় এনে বিচার করা যেত। কিন্তু যেভাবে তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় ঘের মালিকরা বলছেন, এলাকায় মাছ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪