| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় পিআইওর অপসারণ দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০৩:১৮:৫০:পূর্বাহ্ন  |  ২৪৭৬৫৪ বার পঠিত
শার্শায় পিআইওর অপসারণ দাবিতে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর অপসারণ ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে ‘শার্শাবাসী’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পিআইও রঞ্জুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। একই ব্যক্তিকে বারবার প্রকল্প দেওয়া, ভুয়া প্রকল্পে স্বাক্ষর নেওয়া, নিম্নমানের কাজ করা এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তুলে তিনি দ্রুত প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন অভিযোগ করেন, বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় তাকেও হুমকি দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, ডিয়ি ইউনিয়নের ট্যাংরালী সড়কসহ বিভিন্ন প্রকল্পে নকশা অনুযায়ী কাজ হয়নি, ভুয়া ভাউচার তৈরি করে অর্থ উত্তোলন করা হয়েছে এবং একই ব্যক্তির মাধ্যমে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা।

এ বিষয়ে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, অভিযোগগুলো ইতোমধ্যে জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং প্রাপ্ত স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রয়োজন হলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি যাচাই করা হবে।

এদিকে, পিআইও রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। অভিযোগকারীরা দাবি করেছেন, অনিয়মের পক্ষে তাদের কাছে ছবি, ভিডিও ও সাক্ষ্যপ্রমাণ রয়েছে।

মানববন্ধন থেকে অভিযুক্ত কর্মকর্তার অপসারণ, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪