| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একসঙ্গে চার কন্যা সন্তানের বাবা হলেন মুয়াজ্জিন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০৩:৩৪:০৭:পূর্বাহ্ন  |  ২৪৭৬৬০ বার পঠিত
একসঙ্গে চার কন্যা সন্তানের বাবা হলেন মুয়াজ্জিন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী গ্রামে এক মুয়াজ্জিনের পরিবারে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্মের ঘটনা স্থানীয়ভাবে আলোড়ন তুলেছে। তবে আনন্দের এ খবর দ্রুতই উদ্বেগে রূপ নিয়েছে, কারণ চার নবজাতকই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের কর্তা মো. আলাউদ্দিন গোলদার পেশায় একজন মুয়াজ্জিন। পেরিখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দায়িত্ব পালন করে মাসে প্রায় ৭ হাজার টাকা আয় করেন তিনি। এই সামান্য আয়ের ওপর নির্ভর করেই চলছিল তার সংসার। এর আগে তার আরও দুই কন্যা সন্তান রয়েছে, যাদের বয়স ৮ ও ১৪ বছর।

গত ২৬ ফেব্রুয়ারি তার পরিবারে একসঙ্গে চারটি কন্যা সন্তানের জন্ম হয়। এতে একদিনেই ছয় সন্তানের জনক হয়ে পড়েন আলাউদ্দিন। কিন্তু জন্মের কিছুদিন পরই অসুস্থ হয়ে পড়ে চার নবজাতক। পরে তাদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কম এবং তারা ডায়রিয়ায় আক্রান্ত। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর কথাও বিবেচনা করা হচ্ছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, শিশুদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ, তাই নিশ্চিত কিছু বলতে সময় লাগবে।

হাসপাতালে অসহায় কণ্ঠে আলাউদ্দিন বলেন, অল্প আয়ে এত বড় সংসার চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সন্তানদের চিকিৎসা ও লালন-পালনের জন্য সমাজের সহায়তা কামনা করেন তিনি।

স্থানীয়রা জানান, এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি। তাদের মতে, দ্রুত সহযোগিতা না পেলে পরিবারটি চরম সংকটে পড়বে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪