ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে এক মতবিনিময় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা হবে। একই সঙ্গে খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না।
সোমবার সকালে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নে নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো পরীক্ষকের বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মূল্যায়নে পক্ষপাতিত্ব বা অবহেলা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তাই পরীক্ষকদের দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি।
নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন নিজ যোগ্যতায় উত্তীর্ণ হতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ যুগোপযোগীভাবে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রশ্নফাঁস, জালিয়াতি ও নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়।
সভায় স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি