| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরের ইসলামপুরে ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৫:০৬:৪৭:অপরাহ্ন  |  ২২৪৮৮৬ বার পঠিত
জামালপুরের ইসলামপুরে ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় এক ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের আমতলী গ্রামের (পল্টন পাড়া) একটি ভুট্টা ক্ষেত থেকে জুয়েল (৩০) নামের ওই চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত জুয়েল মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর বটতলা গ্রামের মুনা মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) ভোর ৪টার দিকে স্বজনদের ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন জুয়েল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার সকালে স্থানীয়রা ইসলামপুর-মাহমুদপুর সড়কের পাশে আমতলী (পল্টন পাড়া) এলাকায় একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে নিহতের স্বজনরা থানায় এসে লাশটি শনাক্ত করেন। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কায়ুম গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর ইজিবাইকটি ছিনতাই করা হয়েছে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডিবি পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪