ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামি শেখ লাল চাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের তার নিজের বসত বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত অফিসার এসআই কবির হোসেন। শেখ লাল চাঁন জান্দি পশ্চিম পাড়ার শেখ খবির চাঁনের ছেলে।
পুলিশ জানিয়েছেন, তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের শারীরিক প্রতিবন্ধী কিশোরী তার বাবা ও মায়ের সাথে থাকেন। ৪ এপ্রিল রাতে তার বা ও মা দুজনে পাশের চাড়ালদিয়া গ্রামের কালামের বাড়ীতে গাজীর গান শুনতে গিয়ে ছিলেন। এসময় প্রতিবন্ধী কিশোরী বাড়িতে একা থাকায় এসুযোগে লম্পট শেখ লালচান প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার রাত তিনটার দিকে ওই কিশোরীর বাবা ও মা দুজনে বাড়িতে ফিরে আসার পর মেয়ের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে এগিয়ে যেতেই তাদের উপস্থিতি টের পায় লালচাঁন তাদের সামনে দিয়ে লুঙ্গি, জামা ও মোবাইল ফোন রেখে দৌড়ে পালিয়ে যায়। প্রতিবন্ধী কিশোরীর মা রেহানা বেগম বাদী হয়ে লালচানেঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ প্রতিবন্ধী কিশোরীকে পরীক্ষার জন্য মেডিকেল কলেজ ওসিসি কেন্দ্রে পাঠিয়েছে বলে পুলিশ জানিয়েছেন।