| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুর পৌরসভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা শুরু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৩:৫৮:৪৮:অপরাহ্ন  |  ২৯৮৮৯৫ বার পঠিত
মাদারীপুর পৌরসভায়  উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা শুরু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর পৌরসভাকে আধুনিক ও উন্নত নগর ব্যবস্থাপনায় রূপান্তরের লক্ষ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে বুধবার সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে পৌরসভার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তারাও কর্মশালায় যোগ দেন।

পৌরসভা সূত্র জানায়, প্রকল্পটির আওতায় ৮৮০ কিলোমিটার সড়ক, ৪৮০ কিলোমিটার ড্রেন এবং ৫৯৫ কিলোমিটার এলাকায় স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এছাড়া ২ হাজার মিটার ব্রিজ ও কালভার্ট, ১০টি বাস টার্মিনাল, ১০টি কিচেন মার্কেট, ১০টি পৌর সুপার মার্কেট, ১০টি পার্ক বা পাবলিক প্লেস উন্নয়ন, ১০টি কমিউনিটি সেন্টার, ২০টি আধুনিক পাবলিক টয়লেট এবং প্রায় ২০০ কিলোমিটার ফুটপাথ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদারীপুর পৌর এলাকায় জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো ও নাগরিক সুবিধা গড়ে উঠবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে এলজিইডি কর্তৃক জুলাই ২০২৪ থেকে জুন ২০৩০ পর্যন্ত ৬ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।

প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের কাউন্টারপার্ট ফান্ডিং অনুদান রয়েছে ১ হাজার ৬৪১ কোটি টাকা।

এর আগে ২০২৪ সালের ২১ জুন বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরসের সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। পরে একই বছরের ৭ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়।

প্রকল্পের প্রধান লক্ষ্য হলো নির্বাচিত ক্লাস্টারে অবস্থিত পৌরসভাগুলোর জলবায়ু সহনশীল নগর অবকাঠামো ও পরিষেবা বৃদ্ধি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শক্তিশালী করা, মৌলিক নগর পরিষেবা সম্প্রসারণ, সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং নিজস্ব আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা। পাশাপাশি পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম টেকসইভাবে সম্পাদনের জন্য পৌরসভার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

মাদারীপুর পৌরসভার প্রশাসক মোছা. জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের প্রধান ও নগর পরিকল্পনাবিদ মো. আব্দুর রকিব খান, আরইউটিডিপি প্রকল্পের পরিকল্পনাবিদ তামান্না সালাম, সোশ্যাল স্পেশালিস্ট এমটিএস মেহেমুদ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আসমত হোসেন, সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজসহ অন্যান্য কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪