গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে বিপুল পরিমাণ পেট্রল গায়েবের ঘটনায় মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজিজুল হককে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় অবস্থিত ‘মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন’-এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পেট্রল গায়েবের ঘটনায় স্টেশনটির ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করা হয়।
গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা মো. আফসারুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, চলতি মাসের ১, ২ ও ৩ এপ্রিল প্রতিদিন ১৩ হাজার ৫০০ লিটার করে মোট ৪০ হাজার ৫০০ লিটার এবং ৬ ও ৭ এপ্রিল প্রতিদিন ৯ হাজার লিটার করে আরও ১৮ হাজার লিটার,সব মিলিয়ে ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল বরাদ্দ পায় ফিলিং স্টেশনটি। তবে ম্যানেজার স্বীকার করেছেন, এ সময়ের মধ্যে মাত্র ৯ হাজার লিটার পেট্রল বিতরণ করা হয়েছে।
এতে বিপুল পরিমাণ পেট্রল অনিয়মের মাধ্যমে গায়েব বা অবৈধভাবে মজুত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা, দোকানি ও মোটরসাইকেল চালকেরাও জানান, চলতি মাসে মাত্র একদিন পেট্রল বিক্রি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আজিজুল হক বলেন, তার ম্যানেজার ভ্রাম্যমাণ আদালতের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি। তিনি দাবি করেন, বরাদ্দ পাওয়া পেট্রল যথাযথভাবে বিক্রি করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি