ময়মনসিংহ প্রতিনিধি: নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সঠিক দিকনির্দেশনার জন্য ‘দ্য গাউন জার্নি ২০২৬’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ময়মনসিংহ ইউনিটের উদ্যোগে বুধবার জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবীন আইনজীবীদের জন্য প্রাথমিক গাইডলাইন ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
প্রধান অতিথি এডভোকেট মোঃ মতিউর রহমান আকন্দ নবীনদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। প্রধান আলোচক সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মোহাম্মদ শিশির মনির আইন পেশার চ্যালেঞ্জ, কোর্ট পরিচালনা, ক্লায়েন্ট হ্যান্ডলিং এবং পেশাগত নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি মুহাম্মদ কামরুল আহসান নবীনদের ধারাবাহিক অধ্যয়ন, সিনিয়রদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট এ.কে.এম. আমান উল্লাহ বাদল। আয়োজকরা বলেন, এ ধরনের অনুষ্ঠান নবীন আইনজীবীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও দক্ষ জনবল গড়ে তুলতে সহায়ক হবে।
রিপোর্টার্স২৪/বাবি