দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে ২টি ট্রাক জব্দ এবং ২টি এস্কেভেটর অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে বিক্রির খবর পেয়ে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। এ সময় ২টি ট্রাক জব্দ করা হয় এবং ২টি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, উপজেলার রামনগর, মাতুভূঞা ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাতের আঁধারে ফসলি জমির উপরিভাগ কেটে নেওয়ার অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আনসার সদস্যরা সহায়তা করেন।
রিপোর্টার্স২৪/এসএন