কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় হেফজুল কুরআন বিভাগে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজা মোছাঃ সাদিয়া খাতুন। তার এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন খাতুনে জান্নাত মহিলা মাদরাসা প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে ৫ম শ্রেণিতে ৪৬তম স্থান পাওয়া হাফেজা সানজিদা খাতুন এবং ৮ম শ্রেণিতে ১১৪তম স্থান অর্জনকারী হাফেজা জান্নাতুল ফেরদৌসী সেজদিকেও সম্মাননা প্রদান করা হয়।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাদিয়ার এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো জেলার গর্ব। সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে মফস্বলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও মেধাবী হাফেজা তৈরি করতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ফিরোজ গাজী, মুফতি উবায়দুল্লাহ আল মাসুদ ও ব্যবসায়ী আমিন উদ্দিন খাঁন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি