কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সৃষ্টি হয়েছে এক অনন্য ইতিহাস। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় হেফজুল কুরআন বিভাগে সারা দেশের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন হাফেজা মোছা. সাদিয়া খাতুন।
এই অসাধারণ সাফল্য উদযাপন করতে কোটচাঁদপুরের বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন খাতুনে জান্নাত মহিলা মাদরাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বর্ণাঢ্য সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী সাদিয়া খাতুন ছাড়াও ৫ম শ্রেণিতে ৪৬তম স্থান পাওয়া হাফেজা সানজিদা খাতুন এবং ৮ম শ্রেণিতে ১১৪তম স্থান অর্জনকারী হাফেজা জান্নাতুল ফেরদৌসী সেজদিকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মাদরাসার সার্বিক তত্ত্বাবধানে থাকা হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন আবেগঘন কণ্ঠে বলেন, “সাদিয়া কেবল আমাদের মাদরাসার নয়, বরং গোটা ঝিনাইদহ তথা বাংলাদেশের গর্ব। এই সাফল্য মহান আল্লাহর অশেষ রহমত এবং শিক্ষক-শিক্ষার্থীর কঠোর পরিশ্রমের ফল। আমরা শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ ও মননশীলতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিই। সাদিয়ার এই অর্জন প্রমাণ করে, সঠিক পরিচর্যা পেলে মফস্বলের মেয়েরাও বড় সাফল্য অর্জন করতে পারে।”
স্থানীয়রা বলেন, “আমাদের কোটচাঁদপুরের একটি প্রতিষ্ঠান থেকে একজন মেয়ে সারা বাংলাদেশে প্রথম হওয়ায় আমরা গর্বিত। এই মাদরাসাটি আমাদের এলাকার জন্য আলোকবর্তিকা হয়ে উঠেছে।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেমের সভাপতিত্বে এবং মুফতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি ফিরোজ গাজী, মুফতি উবায়দুল্লাহ আল মাসুদ এবং ব্যবসায়ী আমিন উদ্দিন খান।
বক্তারা বলেন, সাদিয়ার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে আরও যোগ্য হাফেজা গড়ে তুলতে প্রতিষ্ঠানটির এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন