রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাত্র ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে ২৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ২৪ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছেন।
গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) চার শিশু, বুধবার (৮ এপ্রিল) তিন শিশু, মঙ্গলবার (৭ এপ্রিল) এক শিশু, সোমবার (৬ এপ্রিল) দুই শিশু, রোববার (৫ এপ্রিল) দুই শিশু, শনিবার (৪ এপ্রিল) তিন শিশু এবং শুক্রবার (৩ এপ্রিল) একজন শিশুর মৃত্যু হয়েছে।
চিকিৎসকদের মতে, আক্রান্তদের বড় একটি অংশই শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া—এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। দেরি হলে রোগ জটিল আকার ধারণ করতে পারে এবং মৃত্যুঝুঁকি বেড়ে যায়।
তারা আরও জানান, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের পৃথক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।
রিপোর্টার্স২৪/ঝুম