| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের মাথা ফাটিয়ে পালিয়ে গেল গরু চোর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৪:১৯:৩৮:অপরাহ্ন  |  ৩১০৮৯৬ বার পঠিত
পুলিশের মাথা ফাটিয়ে পালিয়ে গেল গরু চোর

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক কুখ্যাত গরু চোরকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। আসামির দেশীয় অস্ত্রের আঘাতে বনমালী রায় (৩০) নামে ওই পুলিশ সদস্যের মাথা ফেটে গেছে। বর্তমানে তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসামি রাসেল ইসলাম (৩৩), যিনি পুলিশের তালিকাভুক্ত একজন দুর্ধর্ষ চোর হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামের শরিফ উদ্দিনের দুটি গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মালিক রাসেলের নাম উল্লেখ করে তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ রাসেলকে গ্রেপ্তারের জন্য তার বাড়ি ঘেরাও করে।

অভিযান চলাকালে রাসেল ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিল। পুলিশ সদস্য বনমালী রায় তাকে বের হয়ে আসার আহ্বান জানালে হঠাৎ দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় বনমালী রায়কে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা জানান, আহত পুলিশ সদস্যের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় তাকে চারটি সেলাই দেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক রাসেল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে এর আগে একাধিক চুরির মামলা রয়েছে। বৃহস্পতিবারও তার বিরুদ্ধে নতুন করে একটি গরু চুরির মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, “দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে সে অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪