পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মোস্তফা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে সদর উপজেলার মাহির পাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। বুধবার রাতে এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই মো. আবু তাহের, এএসআই জাহিদসহ পুলিশের একটি দল মাহির পাম্প সংলগ্ন ‘রবি স্টোর’-এর সামনে অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন হিসেবে মোস্তফাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তফা সদর উপজেলার বোদাপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
এদিকে, পুলিশের এ অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল পুলিশের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন