| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোয়ালমারী বাজারে উচ্ছেদ অভিযান: ৮ দোকানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৪:৪১:৫৪:অপরাহ্ন  |  ২৮৪১৭৬ বার পঠিত
বোয়ালমারী বাজারে উচ্ছেদ অভিযান: ৮ দোকানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জনব্যস্ত বোয়ালমারী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাথ দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ফুটপাথ দখল করে ব্যবসা করায় ৮টি দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারের সাধারণ মানুষের চলাচলের পথ ও ফুটপাথ দখল করে কিছু দোকানি ব্যবসার মালামাল ও চৌকি বসিয়ে রেখেছিলেন। এর আগে তাদের একাধিকবার সতর্ক করা হলেও তা উপেক্ষা করায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কয়েকটি দোকানের চৌকি, ট্রে, চেয়ার ও টুল জব্দ করা হয়।

এছাড়া বিভিন্ন দোকান থেকে কিছু খাদ্যপণ্যও জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত খাদ্যসামগ্রী স্থানীয় একটি এতিমখানায় দান করা হবে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, “পৌর এলাকার জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধভাবে ফুটপাথ ও সড়ক দখল করে ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ। বারবার সতর্ক করার পরেও যারা নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের যানজট ও ফুটপাথে চলাচলের ভোগান্তি কমাতে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় পথচারীরা জানান, ফুটপাথ দখলমুক্ত থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সবার জন্য যাতায়াত সহজ হবে।

অভিযান চলাকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪