নওগাঁ প্রতিনিধি: “নওগাঁর লেখক, নওগাঁর বই” প্রতিপাদ্যে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কগেটে বইমেলার উদ্বোধন করেন বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নওশাদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, আবৃত্তি পরিষদের সভাপতি বাচিক শিল্পী কায়েস উদ্দীন, কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ, সাংস্কৃতিক ঐক্যের সভাপতি কথাসাহিত্যিক মনোয়ার লিটন, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান এবং কবি অধ্যক্ষ আরিফুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন গল্পকার হারিব রতন, কবি রোকয়া শাকিলা, রবিউল মাহমুদ, রিমন মোরশেদ, আসলাম হোসেন, গুলজার রহমান সোহাগ হোসেনসহ আরও অনেকে।
মেলার আয়োজকরা জানান, বইমেলায় জেলার ৭০ জন লেখকের অন্তত ২০০টি বই স্থান পেয়েছে। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুদের বইসহ বিভিন্ন ধরনের প্রকাশনা রয়েছে, যেগুলোর মূল্য ১০০ থেকে ৪০০ টাকার মধ্যে।
নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন বলেন, “বইমেলার উদ্দেশ্য হলো নওগাঁর লেখকদের পরিচিতি বাড়ানো এবং নতুন প্রজন্মকে লেখালেখি ও সাহিত্যচর্চায় উৎসাহিত করা।”
সভাপতি ড. আইয়ুব আলী বলেন, “বাংলা সাহিত্যের সূচনা চ্যার্যাপদের মাধ্যমে নওগাঁর সোমপুর বিহার থেকে হয়েছে—এটি অনেকেরই অজানা। এ জেলায় বর্তমানে শতাধিক কবি-সাহিত্যিক রয়েছেন, যাদের অনেকের বই বিশ্ববিদ্যালয়ে সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে।” মেলায় নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে আগত লেখক-সাহিত্যিকদের উপস্থিতিতে এটি এক মিলনমেলায় পরিণত হয়। মেলা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
রিপোর্টার্স২৪/এসএন