বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তির নাম জিয়াউর রহমান। তিনি বেনাপোল পোর্ট থানার ৯ নম্বর ওয়ার্ড বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে এবং বর্তমানে ঝিকরগাছার কুন্দিপুর এলাকায় বসবাস করছিলেন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল নাভারণ এলাকায় অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর গ্রামের রেলক্রসিং এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জিয়াউর রহমানকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কুন্দিপুরে তার বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে শয়নকক্ষের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া জুতার র্যাক ও ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়, যা মাদক বিক্রির অর্থ বলে তিনি স্বীকার করেছেন।
তিনি আরও জানান, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে এর আগে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন