বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর এলাকায় জরুরি ভিত্তিতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত রোড ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থীরা।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের বেনাপোল বাজার সংলগ্ন ‘বেনাপোল-যশোর-কলকাতা রোডে’ ‘সৃজনশিখা’ বেনাপোল শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বেনাপোল দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হলেও এখানে এখনো মানসম্মত কোনো আধুনিক হাসপাতাল গড়ে ওঠেনি। ফলে জরুরি চিকিৎসার অভাবে অনেক সময় রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ে। সম্প্রতি বেনাপোল বন্দরে দুর্ঘটনায় আহত দুই শ্রমিকের মধ্যে একজন চিকিৎসার অভাবে মারা যাওয়ার ঘটনাও তুলে ধরেন তারা।
বক্তারা আরও বলেন, বেনাপোল স্থলবন্দর এলাকায় প্রতিদিন অসংখ্য পণ্যবাহী ট্রাক চলাচল করলেও সড়কের রোড ডিভাইডারগুলো অপরিকল্পিত ও ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং সড়কের সৌন্দর্য নষ্ট হচ্ছে।
মানববন্ধনে ‘সৃজনশিখা’ বেনাপোল শাখার সভাপতি নাজমুল হোসাইন জয় বলেন, “বেনাপোল বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও এখানে প্রয়োজনীয় নাগরিক সুবিধার ঘাটতি রয়েছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের কাছে স্মারকলিপি দিয়েছি, তবে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিরাপদ সড়ক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা দ্রুত বেনাপোল শহরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ এবং টেকসই ও পরিকল্পিত রোড ডিভাইডার স্থাপন ও রক্ষণাবেক্ষণের দাবি জানান।
শিক্ষার্থীদের এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল সমর্থন জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/এসএন