রাজবাড়ী প্রতিনিধি: জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং কোস্ট গার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, “জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান ইলিশসহ দেশের মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টার্স২৪/এসএন