| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উন্নয়ন দাবিতে ঝিনাইদহে র‍্যালি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৪:৩০:১২:অপরাহ্ন  |  ২০৪৫৫৭ বার পঠিত
উন্নয়ন দাবিতে ঝিনাইদহে র‍্যালি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দীর্ঘদিনের অবহেলা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের ঘাটতিতে নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। উন্নত চিকিৎসা সেবার অভাব, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংকট, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং পর্যাপ্ত বিনোদন ব্যবস্থার অভাবে জেলার বাসিন্দারা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে ঝিনাইদহে একটি উন্নয়ন র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

“ঝিনাইদহের উন্নয়নে আমরা সবাই একসাথে” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। তাদের অন্যতম দাবিগুলো হলো—ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রেললাইন চালু, সকল গুরুত্বপূর্ণ সড়ক ৬ লেনে উন্নীতকরণ, একটি আধুনিক শিশু পার্ক নির্মাণ এবং ‘ক্লিন ঝিনাইদহ’ বাস্তবায়ন।

র‍্যালিটি আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্দিষ্ট স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার, সহ-সভাপতি সালেহ আহমেদ, সহ-সভাপতি আব্দুর সবুর, সহ-সভাপতি আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না এবং সহ-সাধারণ সম্পাদক সাব্বির রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য সাধারণ মানুষের অধিকার আদায় এবং ঝিনাইদহের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছেন। বক্তারা আরও বলেন, জেলার উন্নয়নে উত্থাপিত দাবিগুলো সময়োপযোগী ও জনগণের ন্যায্য অধিকার। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

তারা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হতে পারে। পাশাপাশি ঝিনাইদহকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত জেলায় রূপান্তরের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪