অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া জুট মিল এলাকায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটে। শনিবার (১১ এপ্রিল) যশোরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত করুণা কান্তি যশোরের মণিরামপুর উপজেলার আলীপুর গ্রামের মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
এলাবাসীরা জানান, সকাল ১০ টার দিকে সরদার মিল এলাকায় একজন বৃদ্ধ রেললাইনে হাঁটছিলেন। এ সময় যশোরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানানো হয়, মাথায় আঘাতপ্রাপ্ত বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান।
এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, সকাল ১০ টার দিকে যশোরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছে বলে জানতে পেরেছি।
রিপোর্টার্স২৪/মিতু