গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের চরদূর্লভখাঁ গ্রামের পাইকবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশরাফুল ইসলাম পার্শ্ববর্তী টোক ইউনিয়নের দিঘাবো গ্রামের কৃষক হাবিবুর রহমানের পালিত ছেলে।
নিহতের স্বজনদের দাবি, আশরাফুল দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় অনলাইনে চরদূর্লভখাঁ এলাকার আশকর আলীর মেয়ে রুবি আক্তারের সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দেশে ফিরে তিনি রুবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।
পরিবারের অভিযোগ, রুবির পক্ষ থেকে চাপ দিয়ে আশরাফুলের প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করানো হয়। শুক্রবার তারা একসঙ্গে ঘরের জন্য ফার্নিচার ও অন্যান্য সামগ্রী কেনেন এবং রাতে তাদের বিয়ের কথা ছিল বলে জানান স্বজনরা। তবে এরপর থেকেই আশরাফুল নিখোঁজ ছিলেন।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঝুলন্ত মরদেহের ছবি দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিশ্চিত করেন তারা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
এদিকে স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে রুবি আক্তার ও তার মায়ের বক্তব্য পাওয়া যায়নি, তারা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) জিহাদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে এবং তদন্ত অব্যাহত রয়েছে।