| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ২৭ এপ্রিল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ০১:২৬:০৪:পূর্বাহ্ন  |  ৪০৪ বার পঠিত
যশোরে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ২৭ এপ্রিল

বেনাপোল প্রতিনিধি: যশোরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর সফরে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (১১ এপ্রিল) যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি খাতে চাপ থাকলেও সরকার জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে। কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১৭ বছর ধরে স্থবির থাকা যশোরের উন্নয়নচাকা প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে নতুন গতি পাবে। ২০০৬ সালে ঘোষিত ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পটি এবার বাস্তবায়নের পথে এগোচ্ছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে যশোর বিমানবন্দরে পৌঁছে শার্শা উপজেলার উলাশীতে যাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী খালের পুনঃখনন কার্যক্রমে অংশ নেবেন। পরে শহরে ফিরে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এদিন জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। পরে হাসপাতালের নির্ধারিত স্থান ও উলাশী খাল এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪