বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের শংকরপুর রেলগেট এলাকায় দুই কিশোরকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।
অভিযোগে জানা যায়, গত ১০ অক্টোবর জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে জিহান (১৬) ও আব্দুর রহমান (১৫)-কে কয়েকজন তুলে নিয়ে যায়। পরে রেলগেট পশ্চিম মাঠপাড়া এলাকার একটি ভবনে আটকে রেখে তাদের মারধর করা হয় এবং পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরিবারের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ওই ভবনের সন্ধান পেয়ে দুই কিশোরকে উদ্ধার করেন। তবে অভিযুক্তরা এর আগেই পালিয়ে যায়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আবু তালেব ও সুমন পৃথকভাবে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে রেলগেট এলাকার ছাদি (২৩), শান্ত (২৩), আকাশ (২০)সহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় আবারও যশোর শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে অপরাধ আরও বেড়ে যেতে পারে।