| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাজারে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির তীব্র নিন্দা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ০৪:২৭:৩২:পূর্বাহ্ন  |  ৬০৫১১ বার পঠিত
মাজারে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির তীব্র নিন্দা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পীর শামিম রেজা জাহাঙ্গীর নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ এপ্রিল) রাতে দলটির মিডিয়া টিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়, দুপুরে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং মাজারের প্রধান পীর শামিম রেজা জাহাঙ্গীরকে হত্যা করে।

বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, ধর্ম অবমাননার মতো সংবেদনশীল অভিযোগের বিচার করার দায়িত্ব আদালতের। এ ধরনের অভিযোগকে কেন্দ্র করে ‘মব-সহিংসতা’ চালিয়ে যারা অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা গুরুতর অপরাধ করেছে। হামলার উসকানিদাতা, পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় দলটি।

এনসিপির মতে, স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয় ছাড়া এ ধরনের সহিংসতা সম্ভব নয়। তারা উল্লেখ করে, গত বছর রাজবাড়ীতেও একই ধরনের ঘটনায় রাজনৈতিক ছত্রচ্ছায়ার অভিযোগ উঠেছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত পীরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে তাকে কোরআন শরিফ নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এর জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। তবে পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ সতর্কতা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে এনসিপি।

দলটি আরও অভিযোগ করে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বারবার ‘মব কালচার’ বন্ধের কথা বললেও বাস্তবে তা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। একই সঙ্গে সরকারসমর্থিত গোষ্ঠীর মাধ্যমে ‘মব’ সৃষ্টির অভিযোগও তুলে ধরে এনসিপি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪