বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের প্রয়াত সদস্যদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের শহীদ মিনার সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি পেয়ারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় স্থানীয় সুধীজন, সংগঠনের সদস্য, প্রয়াত সদস্যদের পরিবারের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রয়াত সদস্যরা হলেন জেলা শাখার সাবেক সভাপতি শরীফা মুহিত, তহুরা হোসেন ও শিল্পী সমাদ্দার।
স্মরণসভায় তাঁদের কর্ম, ত্যাগ ও সাংগঠনিক অবদান নিয়ে আলোচনা করেন মহিলা পরিষদের সামাজিক প্রতিরোধ কমিটির চেয়ারম্যান, প্রবীণ শিক্ষাবিদ ও প্রয়াত তহুরা হোসেনের স্বামী অধ্যাপক মোজাফফর হোসেন, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য ও প্রবীণ সমাজসেবক অধ্যাপক চৌধুরী আব্দুর রব, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহানারা খানম, সহ-সভাপতি তহমিনা বেগম মিনু ও জোৎস্না দেবনাথ। আরও আলোচনা করেন উপ-পরিষদ সম্পাদক নাদিরা আকরাম, হেনা চৌধুরী, সোনালী সোম, তাজমিন নাহার তাজু, ফারজানা জাফর, টুম্পা আক্তার মিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন।
বক্তারা বলেন, বাগেরহাটে মহিলা পরিষদের ৪৮ বছরের পথচলায় প্রয়াত এই তিন নেত্রী নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও সংগঠনের বিকাশে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁদের কর্মের মধ্য দিয়েই তাঁরা বাগেরহাটের মানুষের স্মৃতিতে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।
রিপোর্টার্স২৪/মিতু