রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চিৎমরম ইউনিয়নে বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মংখ্যাইচিং মারমা চিৎমরম বড় পাড়ার বাসিন্দা এবং মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।
ইউপি চেয়ারম্যান জানান, সন্ধ্যার দিকে চাকুয়াপাড়া এলাকায় বন্যহাতির মুখোমুখি হন মংখ্যাইচিং মারমা। এ সময় হাতিটি তাকে শুঁড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। তিনি বলেন, হাতির আক্রমণে একজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি বন্যহাতির দেখা গেলে কোনো ধরনের উসকানি বা আক্রমণ না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দ্রুত বন বিভাগকে বিষয়টি অবহিত করার পরামর্শ দেন।
এদিকে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাকের জানান, একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।