| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১২:০৫:১২:অপরাহ্ন  |  ২৯৭১৯২ বার পঠিত
ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

রিপোর্টার্স২৪ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী জাহাঙ্গীর মোল্লা (৪০) নিহত হন। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে। তার বাবার নাম সেকেন মোল্লা।

পরে ঢাকায় নেওয়ার পথে আলমগীর শেখ (৪০) নামে আরও একজন আহত অবস্থায় মারা যান। তিনি নেশারউদ্দিন শেখের ছেলে।

দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৩৫ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও হাড় ভাঙার ঘটনা ঘটেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস ও টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পরে বাসটি খাদে পড়ে যায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪