বগুড়া প্রতিনিধি: বৈশাখ আসে নতুন আলোর বার্তা নিয়ে। পুরোনো দিনের ক্লান্তি, জীর্ণতা আর অবসাদের রুগ্নতা সরিয়ে বৈশাখ ডাক দেয় নবসূর্যের উজ্জ্বলতায় নিজেকে নতুন করে গড়ে তুলতে।
বৈশাখী মেলা এই আনন্দকে আরও গভীর করে তোলে। সেখানে মানুষের মিলন ঘটে, হাসি ছড়িয়ে পড়ে চারদিকে, আর বাংলার চিরায়ত সংস্কৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। রঙ, সুর আর সহজ-সরল আনন্দে ভরে ওঠে প্রতিটি মুহূর্ত।
বাংলা নতুন বছরের এই সূচনায় আগামীকাল, মঙ্গলবার পহেলা বৈশাখ থেকে ৫ বৈশাখ; ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পৌর পার্ক ও শহীদ টিটু মিলনায়তন চত্বরে বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া পৌরসভা ও জেলা পরিষদের সহযোগিতায় পাঁচদিনব্যাপী বৈশাখী মেলা শুরু হচ্ছে।
সকাল ৮টায় মেলার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী মো. কে এম খায়রুল বাশার এবং বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল হাসান রানু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কালাম আজাদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজনে বগুড়ার ৪০ জন শিল্পী সমবেত কণ্ঠে বর্ষবরণের গান পরিবেশন করবেন। এছাড়াও উদ্বোধনী দিনে থাকবে বৈশাখী শোভাযাত্রা, সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল ৩টায় লাঠিখেলা এবং মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে অংশ নেবে হিন্দোল একাডেমি, ইয়ুথ কয়ার, ভোর হলো, দল অন্যরকম, কলেজ থিয়েটারসহ বিভিন্ন সংগঠন।
বৈশাখী মেলা ১৪৩৩ আয়োজন কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক এবং সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ খন্দকার জানান, ইতোমধ্যে মেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দূর-দূরান্ত থেকে কারুশিল্পের বিভিন্ন স্টল মেলায় আসতে শুরু করেছে। তারা আরও বলেন, “আমাদের বিশ্বাস, মানুষের এই মিলনমেলা সবার অংশগ্রহণে সার্থক হবে।”
রিপোর্টার্স২৪/এসএন