শেরপুর প্রতিনিধি: শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে নির্বাচিত বিএনপিদলীয় সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক রুবেল। রবিবার দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর কাছে শপথ গ্রহণ করেন তিনি।
এরপর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পরিবারের সদস্য ও দলীয় নেতৃবৃন্দকে নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ওই সময় তার স্ত্রী ফরিদা হক দীপা, মেয়ে রুবাইদা হক রিমঝিম, ছোট ভাই প্রকৌশলী মেজবাউল হক বাবু এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান রূপন, শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও প্রকৌশলী তৌহিদুর রহমান, সদস্য সচিব মো. লুৎফর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ দারুণ উৎফুল্ল ছিলেন।
এরপর নবনির্বাচিত সংসদ সদস্য দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ উপলক্ষে তার নির্বাচনী এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী সংসদ এলাকায় অবস্থান করেন।
রিপোর্টার্স২৪/এসএন